
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেছে মোবাশ্বির হোসাইন তামিম (১৯) নামে এক এনসিপির কর্মীকে।
গতকাল রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের শিবারো আইডিয়াল কলেজের সামনে। এ ঘটনায় মোবাশ্বির হোসাইন তামিম বাদী হয়ে ৬ জনকে আসামী করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছে।
থানার অভিযোগ থেকে জানা যায়, রবিবার সকালে মোবাশ্বির হোসাইন তামিম তার নিজ ফেসবুকে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর একটি ভিডিও পোস্ট করেন। এ পোস্ট দেখে দুপুরে জামপুর ইউনিয়নের শহীদ জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মোবাইল ফোনে তাকে আইডিয়াল কলেজের সামনে ডেকে নেয়। পরে তামিম কলেজের পাশে রবিউল ও আমিনুলের দোকানের সামনে আসতেই ইমরানের নেতৃত্বে তুহিন, আকাশ,আবু জজ,মামুন ও সিহাব তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে এলোপাথারি ভাবে পিটিয়ে মারাক্তকভাবে জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনায় জামপুর ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. মোকাররম বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। ঘটনা জেনে পরে কথা বলবো।
অভিযুক্ত জামপুর ইউনিয়নের শহীদ জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply