
হৃদয় হোসাইন (বেড়া পাবনা) সংবাদদাতা:
পাবনার বেড়া পৌর এলাকার বেড়া বাজারের মোল্লা সুপার মার্কেটে যৌথ অভিযান চালান উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জব্দ করেছে প্রশাসন। ২২ জুলাই বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ মৎস্য আহরণ সামগ্রী উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মাইশা খান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেনসহ বেড়া মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানে ঔই মার্কেটের একটি গোডাউন থেকে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩০০টি চায়না দুয়ারী জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মাইশা খান জানান,গোডাউনের মালিকপক্ষের অসহযোগিতার কারণে অভিযান পরিচালনা করতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। উদ্ধারকৃত অবৈধ জাল ও চায়না দুয়ারী থানায় হস্তান্তর করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মার্কেটের ম্যানেজার মকরম বলেন,যেসব ব্যবসায়ী ওই মার্কেটের কক্ষ ভাড়া নিয়েছেন,তাদের অধিকাংশেরই বেড়া বাজারে মনোহারি, ফিল্টার নেট,সুতা কিংবা মুদি ব্যবসা রয়েছে। তারা ভাড়া নেওয়া কক্ষগুলো গোডাউন হিসেবে ব্যবহার করতেন। সেখানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী মজুদ রাখা হয়েছিল এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। গত ৩ বছরের ও বেশি সময় ধরে বেড়া উপজেলা প্রশাসন বেড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কয়েক কোটি টাকা মূল্যের এসব অবৈধ জাল ও দুয়ারী জব্দ করে জরিমানা করে। এরপরও থেমে নেই নিরব এই অপরাধ মূলক কাজটি।
স্থানীয় সচেতন ব্যাক্তিদের দাবি এ সকল অবৈধ জাল সিন্ডিকেট এর মূল হোতাদের কঠিন শাস্তির ব্যাবস্থা করা হলে হয়তো এ নিষিদ্ধ জাল ও চায়না দুয়ারী ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। উপজেলা প্রশাসন জানিয়েছে,নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ার ব্যবহার করে মাছ শিকার জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply