
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর দুই কর্মচারীকে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চক্র।
বুধবার বিকালে বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের নিচে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত দুই কর্মচারীর নাম মো. মোজাম্মেল হক হুমায়ুন (৫৫) ও ফজলে রাব্বি (৪৮)। পথচারীরা তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ কালির বাজার হাজী স্বর্ণ শিল্পালয়ের মালিক মো. মনিরুল ইসলাম মোজাম্মেল হক হুমায়ুন ও ফজলে রাব্বি নামে দুই কর্মচারীকে দিয়ে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে স্বর্ণ বিক্রি করতে পাঠান। তারা স্বর্ণ বিক্রি করে ৮০ লাখ টাকা নিয়ে গুলিস্তান থেকে সাইনবোর্ড আসার উদ্দেশ্যে শ্রাবণ বাসে উঠেন।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মাতুয়াইল মেডিকেল হাসপাতালের সামনে বাসটি পৌঁছলে কয়েকজন লোক বাসে উঠে। তারা র্যাব পরিচয়ে দুই কর্মচারীকে বাস থেকে নামিয়ে সাদা রংয়ের নোহা বক্সি গাড়িতে তুলে নেয়। এরপর চোখ বেঁধে বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ফেলে চলে যায়। এ সময় পথচারীরা আহত দুইজনকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে ভর্তি করে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল খ) ইমরান আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply