
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ এই স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (২১ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এই বিক্ষোভ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম।
৫ আগস্ট পরবর্তীতে সোনারগাঁয়ে এই প্রথম প্রকাশ্যে আ:লীগের ব্যানারে কোনো কর্মসূচি করতে দেখা গিয়েছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে বিক্ষোভকারীদের বলতে শোনা যায় নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, জামাত শিবির রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়। একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বিক্ষোভকারীদের কাউকে চেনা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছেন ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল করেছেন।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল আসিফ ইমাম বলেন, সকালে আ:লীগের ব্যান্যারে ছাত্রলীগ একটি মিছিল হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, তবে অস্পষ্ট হওয়ায় কাউকে সনাক্ত করা যাচ্ছে না। আমরা তাদের সনাক্তে ইতোমধ্যে মাঠে নেমেছি। তাদের আটকের চেষ্টা চলছে।
Leave a Reply