
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার প্রবেশমুখ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। তিনি বলেন, টার্মিনালটি চালু হলে সায়েদাবাদ বাস টার্মিনালের একটি অংশ এখানে স্থানান্তর করা হবে, ফলে রাজধানীর যানজট উল্লেখযোগ্যভাবে কমবে।
বুধবার (২৪ জুন) বিকেলে কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনালের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকার যানজট নিরসন ও আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালের চাপ কমাতে কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে কাঁচপুর টার্মিনালের অবকাঠামোগত ও প্রশাসনিক সব কার্যক্রম সম্পন্ন করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে কয়েকটি বাস টার্মিনালকে পরিকল্পনাহীনভাবে ডিপো হিসেবে ব্যবহার করায় রাজধানীতে দীর্ঘস্থায়ী যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছে।
তিনি আরও জানান, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ ইতোমধ্যে ৪৮ শতাংশ সম্পন্ন হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের চলমান উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
সড়ক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযুক্ত করা হবে। এর মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বৃদ্ধি এবং যানজট নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply