
হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়া,চাটমোহর,ফরিদপুর,আটঘরিয়া,সুজানগর, সাঁথিয়া,বেড়া সহ আরও কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেত থেকে বাণিজ্যিকভাবে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। শীত মৌসুমের শুরু থেকেই বিস্তীর্ণ সরিষা ক্ষেতে সারিবদ্ধভাবে বসানো হয়েছে হাজার হাজার মৌমাছির বাক্স। চলতি মৌসুমে এসব উপজেলা থেকে কয়েক কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মৌচাষিরা। মৌচাষিরা জানান, প্রতিবছরের মতো এবারও ডিসেম্বর মাস থেকে মধু সংগ্রহের কাজ শুরু হয়েছে। যশোর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নাটোর সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৌচাষিরা বিখ্যাত চলনবিল অঞ্চলের পাবনার ভাঙ্গুড়া,সুজানগর গাজনারবিল,সাঁথিয়ার রাজাপুর,ফরিদপুর উপজেলার সরিষা ক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে দিন-রাত মধু সংগ্রহ করছেন। প্রতি বছর এসকল উপজেলা থেকে প্রায় কোটি টাকার মধু উৎপাদন হয়ে থাকে। জেলার বিভিন্ন অঞ্চলে দিগন্ত জোড়া সরিষা ক্ষেত হলুদ ফুলে ফুলে ভরে উঠেছে। এসব মাঠে সারিবদ্ধভাবে বসানো মৌমাছির বাক্স থেকে লাখ লাখ মৌমাছি সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করছে। প্রতিটি মৌমাছির বাক্সে প্রায় এক লাখ কর্মী মৌমাছি ও একটি রানী মৌমাছি থাকে। আট থেকে দশ দিন পরপর প্রতিটি বাক্স থেকে গড়ে ২৫ থেকে ৩০ কেজি মধু সংগ্রহ করা যায়। গত মৌসুম থেকে এ বছর আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। মধু সংগ্রহে করতে আসা এক মৌচাষি জানান, ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত সরিষা ফুলের মধু সংগ্রহ করা হয়। বছরের ছয় মাস মধু সংগ্রহের পাশাপাশি বাকি ছয় মাস মৌমাছি পালন করা হয়। তিনি দুইজন কর্মচারী ও ১৫০টি মৌমাছির বাক্স নিয়ে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে মধু সংগ্রহ করছেন। বর্তমানে প্রতি কেজি মধু ৪০০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব মধু দেশে-বিদেশে রপ্তানির পাশাপাশি স্থানীয় ক্রেতার সরাসরি মাঠ থেকেই মধু ক্রয় করেন। উপজেলা কৃষি অফিস থেকে মধু সংগ্রহে মৌচাষিদের বিভিন্ন পরামর্শ সহ উৎসাহ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে কৃষি অফিস মনে করছে,সরকারিভাবে প্রশিক্ষণের মাধ্যমে মৌচাষে আগ্রহ বাড়ানো গেলে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তারা সহজেই স্বাবলম্বী হতে পারবেন।
Leave a Reply