
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালত পরবর্তী শুনানির দিন ধার্য্য করে তাকে কারাগার প্রেরণের নির্দেশ দেন। শাহাদাত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই রাব্বির বাবা।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার মূল আসামিকে কারাগারে প্রেরণ করেছে।
এর আগে বিকেলে আহত জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ খান বাদী হয়ে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে হামলাকারী শাহাদাত হোসেন ও শহীদ নামে দুই জনকে। এছাড়া ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
হামলায় আহতরা হলেন অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মো. আকাশ, নিউজ নারায়ণগঞ্জ নামের স্থানীয় এক গণমাধ্যমের ক্যামেরাম্যান আব্দুল্লাহ মামুন ও আয়াজ হোসেন।
মামলার বাদী সাংবাদিক মো. আকাশ জানান, ফতুল্লার গিরিধারা এলাকায় এক নারীর জমি দখলের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহে গেলে কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন তাদের উপর হামলা করেন। তাদের বাধা উপেক্ষা করে একের পর চড়-থাপ্পড় দিতে থাকেন। তাদের একটি কক্ষে আটকে রেখে ক্যামেরা ও মোবাইল ফোনও ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
Leave a Reply