
হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:
পাবনার বেড়া উপজেলায় সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে আটকা পড়ে দুই রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে আহতাবস্থায় উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে। পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে বেড়া পৌরসভা এলাকার দক্ষিণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, বেড়া পৌরসভার দক্ষিণপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে প্রায় ১০/১২ দিন আগে একটি সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। আজ ওই ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢুকে ঢালাইয়ের বাঁশ ও খুঁটি খুলছিলেন। এসময় তারা চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন,পৌরসভার ৭ নং ওয়ার্ড হাতিগাড়া গ্রামের আবুল কালামের ছেলে সজিবুল ইসলাম (২৫), আব্দুল গফুরের ছেলে মোস্তাকিন (৩০)। আহতরা হলেন- পৌরসভার ১ নং ওয়ার্ড বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০), হাতিগাড়া গ্রামের আকরাম শেখের ছেলে সম্রাট শেখ। ঢালাইয়ের পর দীর্ঘ সময় সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকার কারণে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি। যে কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করছি দীর্ঘ সময় সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকার কারণে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি। এ কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুজনের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দিয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
Leave a Reply