নিজস্ব প্রতিবেদক:
আগামী উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। দলের দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়নের দাবি তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা। বিশেষ করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজারুল ইসলাম মান্নানের দুঃসময়ের সারথি হিসেবে পরিচিত দুই নেতা—কাজী নজরুল ইসলাম টিটু ও মোশাররফ হোসেনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
উপজেলা নির্বাচনে টিটুর পক্ষে জোরালো দাবি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু দীর্ঘ সময় ধরে দলের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তৃণমূল নেতাকর্মীদের মতে, দলের চরম দুঃসময়ে এবং সংসদ সদস্য আজারুল ইসলাম মান্নানের প্রতিটি লড়াই-সংগ্রামে টিটু ছিলেন ছায়ার মতো। হামলা-মামলা ও কারাবরণ করেও তিনি দল বা নেতার আদর্শ থেকে বিচ্যুত হননি।
সাধারণ কর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও কারানির্যাতনের পুরস্কার হিসেবে কাজী নজরুল ইসলাম টিটুকে আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হোক। তাদের মতে, পরীক্ষিত নেতাকে মূল্যায়ন করলে দল আরও সুসংগঠিত হবে।
অন্যদিকে, সোনারগাঁ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনিও দলের সংকটে রাজপথ ছাড়েননি এবং আজারুল ইসলাম মান্নানের বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত। রাজপথের আন্দোলন করতে গিয়ে তাকেও একাধিকবার জেল-জুলুম সহ্য করতে হয়েছে।
পৌর এলাকার ভোটার ও নেতাকর্মীদের বড় একটি অংশ মনে করছেন, আসন্ন পৌর মেয়র নির্বাচনে মোশাররফ হোসেনের কোনো বিকল্প নেই। যোগ্য ও ত্যাগী নেতা হিসেবে তাকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার জন্য দলের হাইকমান্ডের কাছে জোরালো দাবি জানিয়েছেন তারা।
সোনারগাঁ বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মীরা জানান, দল যখন প্রতিকূল সময় পার করছিল, তখন যারা মাঠ ছাড়েননি, তাদেরই নেতৃত্বে আনা উচিত। কাজী নজরুল ইসলাম টিটু ও মোশাররফ হোসেন—উভয়ই দলের ‘ক্রাইসিস মোমেন্টে’ কাণ্ডারির ভূমিকা পালন করেছেন।
এখন দেখার বিষয়, দলের শীর্ষ নেতৃত্ব তৃণমূলের এই আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আসন্ন নির্বাচনে এই দুই নেতার হাতে মনোনয়নের টিকিট তুলে দেয় কি না।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.