সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারায়ণগঞ্জ জেলার একটি বড় সমস্যা হলো দুর্নীতি। কারা দুর্নীতি করেছে, কীভাবে করেছে—এসব বিষয়ে মানুষ অবগত। একই সঙ্গে নারায়ণগঞ্জ শহরের প্রায় ২০টি স্পটে মাদক ব্যবসা চলে। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। এই দুর্নীতিকেও আমরা নিয়ন্ত্রণ করতে চাই৷
রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত বিএনপির এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। মা-বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারেন এবং ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, দরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। মা ও গৃহিণীদের এই কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে প্রতি মাসে সাত থেকে ১০ দিনের জন্য নগদ অর্থ বা খাদ্য সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জের অনেক নদী-নালা ভরাট হয়ে গেছে। জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এসব নদী-নালা রক্ষায় পুনরায় খাল খনন কর্মসূচি নেওয়া হবে। ভেঙে যাওয়া রাস্তা, স্কুল ও কালভার্ট পুনর্নির্মাণ করা হবে।
নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন আজকের সমাবেশের মতো উপস্থিত থেকে ভোটকেন্দ্রে যেতে হবে। গত ১৫–১৬ বছরে ডামি নির্বাচন হয়েছে। এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে ১২ তারিখ ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের অধিকার আদায় করতে হবে। জনগণের অধিকারের পাহারা জনগণকেই দিতে হবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.